বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ পুনর্বহাল করেছে সরকার।
ঈদুল আজহা উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বাতিল করে আগের নিয়মে ফিরেছে। তবে এই সিদ্ধান্তের আওতার বাইরে রাখা হয়েছে দেশের সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোকে। ফলে শপিং মলের ভেতরে অবস্থিত মাল্টিপ্লেক্সগুলোতেও আগের মতোই চলচ্চিত্র প্রদর্শন কার্যক্রম চলবে।
এসব তথ্য নিশ্চিত করে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, “ঈদের আগেই আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম, যাতে শপিং মল বন্ধের সিদ্ধান্তের আওতার বাইরে রাখা হয় সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোকে। মন্ত্রণালয় আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছে। ফলে যেসব সিনেমা হল বা সিনেপ্লেক্স শপিং মলের সঙ্গে সংযুক্ত, সেগুলোর দর্শকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”
একই তথ্য জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ থাকছে না। দর্শকরা নির্ধারিত সময় অনুযায়ী সিনেমা উপভোগ করতে পারবেন।”
ফলে ঈদের ছুটিতে যারা পরিবার-পরিজন নিয়ে সিনেমা দেখার পরিকল্পনা করছেন, তাদের জন্য স্বস্তির খবরই এসেছে। শপিং মলের দোকানপাট সন্ধ্যা ৭টায় বন্ধ হয়ে গেলেও সিনেমা হলের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এদিকে, এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি নতুন চলচ্চিত্র। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো—‘রক্সস্টার’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মালিক’, ‘পিনিক’, ‘অফিসার’, ‘মাসুদ রানা’ এবং ‘তছনছ’।