গাছের ডাল, ভবনের ছাদ, রাস্তা, যেখানে জায়গা মিলেছে, সেখানেই বসে পড়েছেন দর্শক। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ধারণকে ঘিরে এমনই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল নরসিংদীতে। এবার সেই বিশেষ পর্বটি প্রচারিত হবে শুক্রবার (৫ জুন) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।
নব্বইয়ের দশক থেকে স্টুডিওর গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠান ধারণের ধারাবাহিকতায় এবার ‘ইত্যাদি’ পৌঁছায় প্রাচীন জনপদ নরসিংদীতে। রায়পুরা উপজেলার রামনগরে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মিত হয় দৃষ্টিনন্দন মঞ্চ।
অনুষ্ঠানকে ঘিরে গোটা নরসিংদীজুড়ে ছিল উৎসবের আবহ। নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। ধারণক্ষমতার কয়েকগুণ বেশি মানুষ উপস্থিত হওয়ায় অনেককে আশপাশের বহুতল ভবনের ছাদ, দেয়াল, রাস্তা এমনকি গাছের ডালেও অবস্থান নিতে দেখা যায়।
এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। এর একটি পরিবেশন করেছেন নরসিংদীর কৃতিসন্তান ইমন চৌধুরী ও তার দল ‘বেঙ্গল সিম্ফনি’। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ লেখনীতে তৈরি ফোক-ফিউশনধর্মী গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন ইমন চৌধুরী। বর্ণাঢ্য আয়োজনে চিত্রায়িত গানটি পর্বটির অন্যতম আকর্ষণ।
অনুষ্ঠানের শুরুতেই থাকছে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা একটি জমকালো নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। স্থানীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব।
দর্শকদের অংশগ্রহণও থাকছে এবারের পর্বে। নরসিংদীকে নিয়ে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে চারজন দর্শককে বিজয়ী নির্বাচন করা হয়। পরে তারা জেলার ঐতিহ্যবাহী পণ্যকে কেন্দ্র করে নির্মিত একটি নাট্যাংশে অভিনয় করেন।
গান ও নাটকের পাশাপাশি থাকছে নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য, উয়ারী-বটেশ্বর, তাঁতশিল্প, বাবুরহাট, অমৃতসাগর কলা, লটকান ও কলম্বো লেবুকে নিয়ে বিশেষ প্রতিবেদন। এছাড়া, জেলার কৃতী ব্যক্তিত্বদের পাশাপাশি খুলনার দৃষ্টিহীন প্রবীণ চিত্তরঞ্জন মহালদারকে নিয়েও থাকছে একটি মানবিক প্রতিবেদন।
বরাবরের মতো এবারের পর্বেও থাকছে বিদেশি প্রতিবেদন, কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির আড্ডা, চিঠিপত্র পর্ব এবং সমসাময়িক নানা সামাজিক অসংগতি নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গধর্মী নাট্যাংশ। ভাংতি সংকট, ফাঁকা আওয়াজ, বড় ভাই-ছোট ভাইয়ের সম্পর্ক, দুর্নীতি, চাকরিপ্রীতি ও জনসচেতনতার মতো বিষয় উঠে আসবে এসব পরিবেশনায়।
পর্বটিতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মীর নাসিমুল ইসলাম সেলিম, বড়দা মিঠু, সুভাশিষ ভৌমিক, আবু হেনা রনি, নিপুসহ অনেক পরিচিত শিল্পী। ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।