সারা বাংলা

মমেকে হাম উপসর্গে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩০

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ৪৫ শিশুর মৃত্যু হলো।

বুধবার (৩ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‍“মারা যাওয়া ছেলে শিশুটির বয়স ৬ মাস। তার বাড়ি বাড়ি নেত্রকোণার বারহাট্টা উপজেলায়। তাকে গত ২৬ মে হাসপাতালে ভর্তি করা হয়।” শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলেও জানান তিনি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩০ শিশু ভর্তি হয়েছে হাসপাতালে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ১০৫ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ১৮২৭ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৭৭ শিশু।