পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ভাসছে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি। বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীর সাগরে তিমিটি ভাসতে দেখেন জেলেরা।
এদিকে, খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা) এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধারের চেষ্টা করে। তিমিটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিক উদ্ধারের সম্ভব না হলেও স্রোতের টানে সেটি সৈকতের দিকেই ভেসে আসছে বলে জানিয়েছে উপরার সদস্যরা। কুয়াকাটা সৈকতে মৃত ভেসে আসা তিমির মধ্যে এটিই সবচেয়ে বড় বলে জানিয়েছেন স্থানীয়রা।
উপরার আহ্বায়ক বাচ্চু খলিফা বলেন, “স্পিডবোড নিয়ে সাগরে গিয়ে মারা যাওয়া তিমির অবস্থান পর্যবেক্ষণ করা হচ্ছে। স্রোতের টানে বিকেলের মধ্যে তিমিটি সৈকতে পৌঁছাতে পারে। ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। কি কারণে প্রাণীটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।”