সারা বাংলা

বরগুনায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

বরগুনার আমতলীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে আমতলী এ.কে স্কুল সংলগ্ন এলাকায় মাওলানা মো. ইউসুফ নামে এক ব্যক্তির ভবনের সেপটিক ট্যাংকে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোর গ্রামের মো. জাফর (৫৫) ও হলদিয়া গ্রামের জাহিদ হোসেন (৩৫)। 

পুলিশ জানায়, সকালে আমতলী এ.কে স্কুল সংলগ্ন এলাকায় মাওলানা মো. ইউসুফের ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন জাফর ও জাহিদ। এসময় ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে ট্যাংকের ভেতরেই অচেতন হয়ে পড়েন তারা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক ভেঙে তাদের উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। 

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।