সারা বাংলা

অটোচালকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে ব্যাটারি চালিত অটোচালক আরিফের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ভূমিহীন সমিতি ও এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, নিহত আরিফের বাবা আবু সাইদ, এলাকাবাসী আব্দুল আলিম, সেলিম মিয়া, সুজন হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, নিখোঁজের সাত দিন পর ৩১ মে সিরাজগঞ্জের যমুনা নদী থেকে আরিফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তানভীর, রাইসুল, শাফি ও বেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনার তদন্তে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।