বিনোদন

বাধার মুখেও থেমে নেই ‘বনলতা এক্সপ্রেস’

ব্রাহ্মণবাড়িয়ায় প্রদর্শনীতে বাধার ঘটনার পরও থেমে নেই ‘বনলতা এক্সপ্রেস’। বরং সাংস্কৃতিক সংকীর্ণতার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে কক্সবাজারে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে আলোচিত এই সিনেমা।

রোজার ঈদে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ এবার নতুন করে আলোচনায়। ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমাটির প্রদর্শনীতে বাধা দেওয়ার ঘটনার পর কক্সবাজারে একটি বিশেষ চলচ্চিত্র আয়োজনে স্থান পেয়েছে তানিম নূর পরিচালিত সিনেমাটি।

৫ ও ৬ জুন দুই দিনব্যাপী ‘কক্সবাজার টকিজ’ শিরোনামে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে কক্সবাজার ফিল্ম সোসাইটি। শহীদ সুভাষ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে চারটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও দুটি তথ্যচিত্র প্রদর্শিত হবে। সমাপনী চলচ্চিত্র হিসেবে ৬ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে ‘বনলতা এক্সপ্রেস’।

বুধবার (৩ জুন) আয়োজিত সংবাদ সম্মেলনে কক্সবাজার ফিল্ম সোসাইটির নেতারা জানান, এটি কেবল একটি চলচ্চিত্র প্রদর্শনী নয়; বরং সাম্প্রতিক সময়ে শিল্প ও সংস্কৃতিচর্চার ওপর নানা প্রতিবন্ধকতার বিরুদ্ধে একটি প্রতীকী অবস্থান।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার দৃশ্য

সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, “শিল্প সবার জন্য। বর্তমান সময়ে চলচ্চিত্র মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। তাই নতুন প্রজন্মকে সিনেমা ও সংস্কৃতি থেকে দূরে সরিয়ে রাখার কোনো সুযোগ নেই।”

উৎসবের প্রথম দিন ৫ জুন বিকেল ৩টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। এরপর থাকবে শাহীন দিল-রিয়াজের ডকুফিকশন ‘দ্য প্রজেকশনিস্ট’ এবং মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’।

দ্বিতীয় দিন ৬ জুন বিকেল ৩টায় দেখানো হবে ধ্রুব হাসানের ‘ফাতিমা’। এরপর প্রদর্শিত হবে ফজলে রাব্বির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘তাদাত্ম অন্বেষণ: দ্য ইন্টারনাল জার্নি’। আর সমাপনী আয়োজনে দর্শকদের সামনে আসবে ‘বনলতা এক্সপ্রেস’।

প্রদর্শনীতে অংশ নিতে প্রতিদিনের টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। শিক্ষার্থীদের জন্য টিকিট মূল্য ৫০ টাকা। অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই টিকিট সংগ্রহের সুযোগ থাকবে।