বগুড়ায় কয়েক দিনের মৃদু তাপপ্রবাহের কারণে অস্বস্তিকর গরমের পর এক পশলা বৃষ্টিতে স্বস্তি নেমেছে। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টায় বগুড়ার আকাশ ঘন মেঘে ছেয়ে যাওয়ার পর মৃদু শীতল বাতাস বইতে শুরু করে। এর কিছুক্ষণ পরে বৃষ্টি নামে। এতে বগুড়ার তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে।
বগুড়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ৮ দশমিক ৬ মিলিমিটার।
বগুড়া আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আশিকুর রহমান বলেন, বুধবার (৩ জুন) বগুড়ায় বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস তাদের কাছে আগে থেকে ছিল। আগামী শুক্রবার (৫ জুন) পর্যন্ত দিনের কোনো না কোনো সময় বৃষ্টি হতে পারে।
তিনি আরো বলেন, আজকে বৃষ্টি হওয়ার পর তাপমাত্রা কিছুটা কমেছে। এ রকম কম তাপমাত্রা আগামীকালও থাকতে পারে। তবে বৃষ্টি না হলে তাপমাত্রা আবারো বাড়বে।