নাটোর সদর উপজেলায় পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
বুধবার (৩ জুন) সন্ধ্যায় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করে।
স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার (২ জুন) বিকেলে শিশুটি তার নানির সঙ্গে মাঠে ঘাস কাটতে যায়। এক পর্যায়ে শিশুটিকে একা পেয়ে ফুসকা বিক্রেতা শরিফুল ইসলাম তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার বিকেলে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সন্ধ্যার দিকে বিক্ষুব্ধ জনতা শরিফুলের বাড়িতে গিয়ে তাকে ঘর থেকে বের করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত শরিফুলকে নিজেদের হেফাজতে নেয়।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, “অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”