নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে ফয়জুল মিয়া (৫৫) নামের এক রোগীকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে ঘটনাটি ঘটে।
পুলিশের ভাষ্য, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্টরা ফয়জুলের মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায়।
নিহত ফয়জুল মিয়া উপজেলার কাচঁপুর বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে।
নিহতের স্ত্রী মাসুদা বেগম জানান, তার স্বামীকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। ঈদের পরদিন তাকে খাবার দিয়ে যান। বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে এসে তিনি তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান।
মাসুদা বেগমের অভিযোগ, মাদক নিরাময় কেন্দ্রের লোকজন তার স্বামীকে নির্যাতন করে হত্যা করেছে। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির নির্যাতনেই মৃত্যু হয়েছে। মরদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।