বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র প্রযোজক ও ভারতের দ্য সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের (সিবিএফসি) সাবেক চেয়ারম্যান পাহলাজ নিহালানি মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। আজ বিকালে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন পাহলাজ নিহালানি। লিভারজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
হিন্দি চলচ্চিত্রাঙ্গনে প্রযোজক হিসেবে পাহলাজ নিহালানি ছিলেন পরিচিত নাম। বিশেষ করে আশি ও নব্বই দশকে উপহার দিয়েছেন একের পর এক বক্স-অফিস কাঁপানো বাণিজ্যিক ঘরানার সিনেমা। তার প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘আঁখে’, ‘আন্দাজ’, ‘তালাশ’, ‘রঙ্গিলা রাজা’, ‘জুলি টু’ প্রভৃতি।
২০১৫-২০১৭ সাল পর্যন্ত ভারতের দ্য সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের (সিবিএফসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন পাহলাজ। সিনেমায় কাঁচি চালানো, বিভিন্ন সাহসী দৃশ্য বাদ দেওয়া, সিনেমায় ভারতীয় মূল্যবোধ ধরে রাখার ক্ষেত্রে তার কড়া ও আপসহীন নীতির কারণে দারুণ আলোচিত ছিলেন তিনি। ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত সময় ধরা হয় তার কার্যকালকে। পাশাপাশি দীর্ঘ ২৯ বছর ‘অ্যাসোসিয়েশন অব পিকচার্স অ্যান্ড টিভি প্রোগ্রাম প্রডিউসার্স’-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন পাহলাজ।
চলচ্চিত্র প্রযোজনা ছাড়াও পাহলাজ নিহালানি অল্প সময়ের জন্য পরিচালনায়ও এসেছিলেন। ২০০৮ সালে ‘হাল্লা বোল’ সিনেমায় একটি অতিথি চরিত্রে অভিনয় করেন তিনি।