বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে আলোচনা করতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদলকে ঢাকায় পাঠিয়েছিল। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মেদ মুসাজে ও জিম্বাবুয়ে ক্রিকেটের তাভেঙ্গুয়া মুকুলানি বাংলাদেশে এসেছিলেন।
সোমবার ঢাকায় এসে পরদিন হোটেল র্যাডিসনে বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল ও কমিটির তিন পরিচালকের সঙ্গে কথা বলেন। আইসিসির কাছে আগের বোর্ড লিখিত অভিযোগ করেছে কয়েকবার। সেই বোর্ডের চার পরিচালক আসিফ আকবর, এম নাজমুল ইসলাম, আহসান ইকবাল ও হাসানুজ্জামান।
প্রায় এক ঘণ্টার এই বৈঠকে আগামী ৭ জুনের নির্বাচনকে অবৈধ প্রক্রিয়া দাবি করে স্বীকৃতি না দেওয়ার অনুরোধ করেন তারা। এই বৈঠকের পরই আসন্ন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের দুজন সদস্য ও রিটার্নিং অফিসারের সঙ্গে আলোচনায় বসে আইসিসির প্রতিনিধিদল। এই বৈঠকে কোনো প্রার্থী বা ভোটার অস্বচ্ছতার অভিযোগ এনেছেন কি না, তা জানতে চান মুসাজে-তাভেঙ্গুয়া।
আইসিসির প্রতিনিধি দল যথাসময়ে তাদের পর্যবেক্ষণ আইসিসি বোর্ডের কাছে জানাবে। এর আগে এসব নিয়ে গণমাধ্যমে তারা কোনো মন্তব্য করবে না। বৃহস্পতিবার দুপুরে আইসিসি জানিয়েছে, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিযুক্ত দুই সদস্যের একটি প্রতিনিধিদল, যার মধ্যে রয়েছেন আইসিসি বোর্ড পরিচালক মুসাজে ও তাভেঙ্গুয়া মুকুলানি বিসিবির নির্বাচন সম্পর্কিত বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও ঘটনাবলি পর্যালোচনা করতে বাংলাদেশ সফর করেছে।’
‘আইসিসি স্পষ্ট করে জানাতে চায় যে, প্রতিনিধিদলটি যথাসময়ে তাদের প্রাপ্ত তথ্য ও পর্যবেক্ষণ আইসিসি বোর্ডের কাছে জমা দেবে এবং এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না। সুতরাং, এই সফর সম্পর্কিত যেকোনো গণমাধ্যম প্রতিবেদন, মন্তব্য বা দাবি অনুমাননির্ভর এবং তা আইসিসির অবস্থানকে প্রতিনিধিত্ব করে না।’
বিসিবি নির্বাচনে এরই মধ্যে ৮ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত দুজন সরাসরি পরিচালক নির্বাচিত হবেন। ২৫ পরিচালক পদের ১০ জনই নিশ্চিত। বাকি থাকল কেবল ১৫ পদ। সেই ১৫ পদেই আগামী ৭ জুন হবে নির্বাচন।
নিশ্চিত হওয়া ৮ জনের মধ্যে ৭ জনই ক্যাটাগারি-১ বা আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি। এছাড়া ক্যাটাগরি-৩ থেকে সাবেক অধিনায়ক, ক্রিকেটার, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন আরো একজন।
চট্টগ্রাম বিভাগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে গেছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিল, সাবেক জাতীয় অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মঈন উদ্দিন চৌধুরী।
ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদের লড়াই থেকে সরিয়ে নিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান ও ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদ-উর-রহমান। এই ক্যাটাগরিতে আগে ১৮ জনের মধ্যে ১২ জন নির্বাচিত হতেন। ২ জন সরে যাওয়ায় প্রতিদ্বন্দ্বীর সংখ্যাটা এখন ১৬, অর্থাৎ ভোটের লড়াটাই আরো কমে গেছে।
এছাড়া ক্যাটাগরি ১ থেকে মাত্র দুটি বিভাগে ভোট হবে। খুলনা বিভাগে দুটি পরিচালক পদের লড়াইয়ে থাকছেন তিন জন-খুলনা জেলা ক্রীড়া সংস্থার মো. শফিকুল আলম, যশোর জেলা ক্রীড়া সংস্থার শান্তনু ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার মো. আব্দুছ সালাম।
বরিশাল বিভাগে একটি পদের লড়াইয়ে আছেন দুজন- বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার মো. মিজানুর রহমান ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার মো. মুনতাসির আলম চৌধুরী।
ক্যাটেগরি-২ থেকে ভোটের লড়াইয়ে থাকছেন ফাহিম সিনহা (আবাহনী লিমিটেড), মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), আসিফ রব্বানী (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), ফৈয়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (বসুন্ধরা রাইডার্স), তামিম ইকবাল খান (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব), মোহাম্মাদ আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), মির্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং ক্লাব), ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স), মো. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব), শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), সৈয়দ বোরহানুল হোসেন (তেজগাঁও ক্রিকেট একাডেমি), সাকিব আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), মেজর (অব.) ইমরোজ আহমেদ (কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাব)।
বিসিবিতে প্রথমে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়ে ২৩ পরিচালক বোর্ডে আসবেন। ২ জন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত হবেন। এই ২৫ বোর্ড পরিচালক নিজেরা ভোট দিয়ে নির্বাচন করবেন বিসিবির পরবর্তী সভাপতি।
এবারের বিসিবি নির্বাচনে কাউন্সিলরের সংখ্যা ১৮৪ জন। তাদের মধ্যে ১ নম্বর ক্যাটেগরির ভোটার ৬৬ জন, ২ নম্বর ক্যাটেগরি ৭৬ ও ৩ নম্বর ক্যাটেগরির ৪২ জন।