বিনোদন

সৃজিতের সিনেমায় শরৎচন্দ্র হয়ে টোটার চমক

ফেলুদা চরিত্রে প্রশংসা কুড়ানোর পর সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা টোটা রায়চৌধুরী। তাকে এবার দেখা যাবে প্রখ্যাত বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে। 

কলকাতার গুণী পরিচালক সৃজিত মুখার্জি নির্মাণ করছেন ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমা। গতকাল মুক্তি পেয়েছে সিনেমাটির প্রি-টিজার, এটি প্রকাশের মধ্য দিয়ে বিষয়টি সামনে এসেছে। ৫৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটিতে সাদা রঙের ধুতি-পাঞ্জাবিতে শরৎচন্দ্র রূপে দেখা যায় টোটাকে। বৃষ্টিভেজা পরিবেশে কাগজ-কলম হাতে লেখায় মগ্ন শরৎচন্দ্র রূপে তার উপস্থিতি ইতোমধ্যে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার পোস্টার

প্রি-টিজারে আরেকটি চমক হলো সব্যসাচী চরিত্রে আবির চ্যাটার্জির লুক। তার দুই হাতে পিস্তল, কোট ও টুপিতে রহস্যময় এক বিপ্লবীর লুকে ধরা দিয়েছেন তিনি। শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস ‘পথের দাবী’-এর কেন্দ্রীয় চরিত্র সব্যসাচীকে ঘিরেই সিনেমার গুরুত্বপূর্ণ অংশ এগোবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 

১৯২৬ সালে প্রকাশিত হয় ‘পথের দাবী’ উপন্যাস। এর শতবর্ষ উপলক্ষে নির্মিত হচ্ছে সিনেমাটি। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা উপন্যাসটি তৎকালীন তরুণদের মধ্যে বিপ্লবী চেতনা জাগিয়ে তুলেছিল। সেই ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার গল্পই নতুনভাবে পর্দায় তুলে ধরবেন সৃজিত মুখার্জি। 

টোটা রায়চৌধুরী জানিয়েছেন, একদিন সকালে সৃজিত মুখার্জির ফোন পান টোটা। সেই আলাপে প্রথম চরিত্রটির বিষয়ে জানতে পারেন। পরিচালক বলেছিলেন, তার চেহারার সঙ্গে শরৎচন্দ্রের কিছুটা মিল রয়েছে। এরপর লুক টেস্ট ও মেকআপের মাধ্যমে ধীরে ধীরে লেখকের রূপে নিজেকে আবিষ্কার করেন এই অভিনেতা। 

শরৎচন্দ্রের চরিত্রে টোটা রায়চৌধুরী, সব্যসাচী চরিত্রে আবির চ্যাটার্জি (বাঁ থেকে)

সিনেমাটিতে আরো অভিনয় করছেন—মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল, ঋক চ্যাটার্জি প্রমুখ। তবে তাদের চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী দুর্গাপূজায় মুক্তি পাবে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’।