বিনোদন

আমাদের বিয়ের খবরটি সত্য: আমির খান

একষট্টি বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তার হবু স্ত্রী অন্য কেউ নন, প্রেমিকা গৌরি স্প্র্যাট। আগামী জুলাই মাসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। ফিল্মফেয়ার এ খবর প্রকাশ করে। তবে এ নিয়ে নীরব ছিলেন আমির; অবশেষে আড়াল ভেঙে বিয়ের খবরটি নিশ্চিত করলেন এই তারকা। 

ভ্যারাইটি ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে আমির খান বলেন, “আমি এখন যুক্তরাষ্ট্র সফরে আছি। বিয়ের খবরটি সত্য। আমাদের বিয়ে ৫ জুলাই।”

গত বছরের মাঝামাঝি সময়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে আমির খান বলেছিলেন, তাদের সম্পর্কে বিয়ে কোনো জরুরি বিষয় নয়। কারণ তারা একসঙ্গে নতুন একটি বাড়িতে সুখে বসবাস করছেন। এ বিষয়ে আমির খান বলেন, “হ্যাঁ, সেটি সত্যি ছিল। কিন্তু এখন আমরা দুজনেই মনে করছি, আমাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত।”

আমির এখন সুখের সময় পার করছেন। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “আমি এখন অনেক শান্তিতে আছি। গৌরি এবং আমি পরস্পরের প্রতি খুবই আন্তরিক, আমাদের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। আমরা একে অপরের সঙ্গী, আমরা একসঙ্গে আছি। হৃদয় থেকে আমি গৌরির সঙ্গে বিবাহিত বলে মনে করি। তাই এই একসঙ্গে থাকার সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়াটা আমাদের অংশীদারিত্বের স্বাভাবিক অগ্রগতি বলেই মনে হচ্ছে।”

আমির খান ও গৌরি পূর্ব পরিচিত। ২৫ বছরের বেশি সময় ধরে পরস্পরকে চেনেন তারা। কাছাকাছি বসবাস করতেন না। ফলে যোগাযোগ ছিল না। দুই বছরের বেশি সময় আগে পুনরায় যোগাযোগ হয় তাদের। এরপর প্রেমের সম্পর্কে জড়ান এই যুগল। বেঙ্গালুরুর মেয়ে গৌরি আগে বিয়ে করেছিলেন। তার ৬ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। বর্তমানে আমিরের প্রোডাকশন হাউজে কাজ করছেন গৌরি।  

ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গে আমির খানের নাম জড়িয়েছে। রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন তিনি। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে তার দুটো সংসারই ভেঙে গেছে।