সারা বাংলা

উখিয়ায় নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত পারভিন আক্তার (২৫) ওই এলাকার মো. আব্দুল আলমের স্ত্রী এবং আব্দুল গফুরের মেয়ে।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাবার বাড়িতে যাওয়া নিয়ে পারভিন আক্তারের সঙ্গে তার স্বামী মো. আব্দুল আলমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুল আলম তার স্ত্রীর গলা চেপে ধরে মারধর করেন। এতে পারভিন গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্বামী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী মো. আব্দুল আলম ও তার মাকে গ্রেপ্তার করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেছেন, “স্বামীর মারধরে এক গৃহবধূর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।