সারা বাংলা

কিশোরীকে ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

নরসিংদীর মাধবদী উপজেলায় এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের পৌলাণপুর গ্রামে অভিযুক্ত মাহবুবের বাড়িতে তাকে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী পরিবারে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে মাহবুবকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার জানান, বুধবার (৩ জুন) রাতে পোশাক কারখানায় কাজ শেষে ওই কিশোরী বাড়ি ফিরছিল। পথে মেহেরপাড়া ইউনিয়নের পৌলাণপুর গ্রামের মৃত মোতালেব মেম্বারের ছেলে মোশাররফ হোসেন (৩০) ও আব্দুল কাদিরের ছেলে মাহবুব তাকে অপহরণ করে মাহবুবের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। তারা পুরো ঘটনার ভিডিও ধারণ করে রাখে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কিশোরীকে মুখ বন্ধ রাখতে বলা হয়।

ভুক্তভোগীর পরিবার আরো জানায়, অভিযুক্ত যুবকরা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরিবারের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে। লোকলজ্জা ও মেয়ের সম্মানের কথা চিন্তা করে তারা বাধ্য হয়ে দুই হাজার টাকা দেয় এবং মেয়েকে উদ্ধার করে নিয়ে আসে। রাতে তারা বিষয়টি নিয়ে মাধবদী থানায় যোগাযোগ করে এবং লিখিত অভিযোগ করে।

অভিযোগ পাওয়ার পর মাধবদী থানা পুলিশ অভিযানে নামে। ঘটনার সত্যতা যাচাই করে বৃহস্পতিবার (৪ জুন) সকালে মেহেরপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্ত মাহবুবকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, অভিযুক্ত মোশাররফ হোসেনকেও গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। 

ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।