সারা বাংলা

ময়মনসিংহে ৬ জনের অপমৃত্যু

ময়মনসিংহে পৃথক স্থানে বজ্রপাত, সাপের কামড় ও পানিতে ডুবে ৬ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানিয়েছেন, শিক্ষক খালেকুল আজাদ মুক্তাগাছা পৌর শহরের হৃদয় মোড়-সংলগ্ন বাড়িতে পরিবার নিয়ে বাস করতেন। তার বাবা মৃত ইসব আলী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গ্রামের বাড়ি রৌহারচরে ছিলেন তিনি। সড়কে হাঁটাহাঁটি করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, সকালে গফরগাঁওয়ের লামকাইন গ্রামের রুকন উদ্দিনের ছেলে সিয়াম বাড়ির আঙিনায় বজ্রপাতে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, গফরগাঁওয়ের চর আলগী ইউনিয়ন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গফরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানিয়েছেন, এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। 

বৃহস্পতিবার সকালে ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা মাইজপাড়া গ্রাম হারেজ আলীর ৬ বছর বয়সী কন্যা মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানিয়েছেন, গতকাল বুধবার বিকেলে ওই বাড়ির দুই শিশু পাশের নদীতে গোসল করতে নামে। দুজনের একজন গোসল করে উঠে আসলেও মরিয়ম পানিতে তলিয়ে যায়। আজ মরদেহ নদীতে ভেসে ওঠে। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার সকালে ভালুকা উপজেলার কাচিনা থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানিয়েছেন, ভাসমান ওই নারী কাচিনা এলাকায় বাস করতেন। ধারণা করা হচ্ছে, গতকাল রাত থেকে আজ ভোররাতের কোনো একসময় সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। সকালে খবর পেয়ে কাচিনা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় জানতে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তবে, ফিঙ্গার প্রিন্টেও ওই নারীর পরিচয় মিলেনি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানিয়েছেন, গতকাল বুধবার বিকেলে গৌরীপুর উপজেলার ভাংনামারি ইউনিয়নের তিন বন্ধু বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে নামেন। এ সময় মোকরামিন পানিতে তলিয়ে যান। অপর দুই বন্ধু তীরে এসে স্থানীয় লোকজন জানালে তারা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মোকরামিনের বয়স ২৪ বছর। সে ওই এলাকার আবুল হোসেনের ছেলে।