বলিউডের ‘খিলাড়ি’খ্যাত তারকা অক্ষয় কুমার দুটো অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই সম্পত্তি বিক্রি করেছেন তিনি। গত ২ জুন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
অক্ষয় কুমারের অ্যাপার্টমেন্ট দুটি কোথায় অবস্থিত? অক্ষয় কুমারের দুটি অ্যাপার্টমেন্টই মুম্বাইয়ের পূর্ব বোরিভ্যালি এলাকার সুপরিচিত আবাসন প্রকল্প ওবেরয় স্কাই সিটিতে অবস্থিত। জানা গেছে, দুটো অ্যাপার্টমেন্ট সুবর্ণা রূপেশকুমার সাকপাল নামে এক ব্যক্তি ক্রয় করেছেন। দুটো অ্যাপার্টমেন্টের একটি বড়। এর কার্পেট এরিয়া ১ হাজার ১০১ বর্গফুট। এটি ৫ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হয়েছে। চুক্তির সঙ্গে দুটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। অন্যদিকে, ছোট ইউনিটের কার্পেট এরিয়া ২৫২ বর্গফুট। এটি ১ কোটি ৩৫ লাখ রুপিতে বিক্রি হয়েছে। এর সঙ্গে একটি পার্কিং সুবিধা রয়েছে।
কত টাকা লাভ করলেন অক্ষয়? নথিপত্র অনুযায়ী, ২০১৭ সালের নভেম্বরে এই দুটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন অক্ষয় কুমার। বড় ফ্ল্যাটটি কিনেছিলেন ৩ কোটি রুপিতে। ছোট ইউনিটটির জন্য তাকে গুণতে হয়েছিল ৬৭ লাখ ৫০ হাজার রুপি। অর্থাৎ, দুটি অ্যাপার্টমেন্ট কিনতে তার মোট খরচ হয়েছিল প্রায় ৩ কোটি ৬৮ লাখ রুপি। এ দুটো অ্যাপার্টমেন্ট এখন ৭ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি করেছেন। ফলে নয় বছরের কম সময়ের ব্যবধানে ৩ কোটি ৪ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৩৮ লাখ টাকা) বেশি মুনাফা করেছেন অক্ষয়; যা মুম্বাইয়ের রিয়েল এস্টেট বাজারে সম্পত্তির মূল্যবৃদ্ধির শক্তিশালী চিত্র।
আরো যেসব সম্পত্তি বিক্রি করেছেন অক্ষয় গত কয়েক বছরে বেশ কিছু সম্পত্তি বিক্রি করেছেন অক্ষয় কুমার। মুম্বাইয়ের বিভিন্ন রিয়েল এস্টেট বিনিয়োগ ধীরে ধীরে বিক্রি করে দিচ্ছেন। ২০২৫ সালে বোরিভ্যালির একটি অ্যাপার্টমেন্ট ৪ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি করেন। একই বছর অক্ষয় ও তার স্ত্রী টুইঙ্কেল খান্না মুম্বাইয়ের ওরলিতে অবস্থিত বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট ৮০ কোটি রুপিতে বিক্রি করে দেন। পরবর্তীতে লোয়ার পারেলে অবস্থিত একটি বাণিজ্যিক অফিস স্পেস ৮ কোটি রুপিতে বিক্রি করেন, যা থেকে উল্লেখযোগ্য মুনাফা করেন বলে জানা যায়।