সারা বাংলা

কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় ডুবল ইঞ্জিনচালিত নৌকা, উদ্ধার ১২

রাঙামাটির কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকাটিতে থাকা শিশুসহ ১২ জনকে উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৫ জুন) সকালে বরকল উপজেলার সুবলং বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, ‍“সকালে একটি লঞ্চ মাইনী থেকে রাঙামাটি যাচ্ছিল। রাঙামাটি সদর থেকে বরকল উপজেলার দিকে যাচ্ছিল ইঞ্জিনচালিত নৌকাটি। সুবলং বাজার এলাকায় লঞ্চটি নৌকাকে ধাক্কা দেয়। নৌকাটি দ্রুত ডুবে যায়। পরে আশপাশে থাকা অন্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী শিশুসহ ১২ জনকে উদ্ধার করে।

বরকল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, “ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনার সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর্থিক ক্ষয়ক্ষতি ছাড়া আর কোনো ক্ষতি হয়নি।”