নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত এলাকা দিয়ে শুক্রবার (৫ জুন) সকাল ৮টার দিকে ১৭ জনকে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক প্রতিরোধের কারণে বাংলাদেশে প্রবেশ করতে পারেননি তারা।
বিজিজির নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার এলাকা দিয়ে ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। সংবাদ পাওয়ার পর হাঁপানিয়া বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।
ওই ১৭ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং পাঁচজন শিশু রয়েছেন। তারা এখন শূন্য রেখায় অবস্থান করছেন।
১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেছেন, “সংবাদ পাওয়ার পরে ওই এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদেরকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে পাঠানোর (পুশব্যাক) কার্যক্রম চলছে।”