টেলিভিশনের পরিচিত মুখ ও উপস্থাপিকা দীপ্তি চৌধুরী জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক মুশতাক ইবনে আইয়ুবের সঙ্গে তার আকদ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
দীপ্তির জীবনসঙ্গী মুশতাক ইবনে আইয়ুব বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া, তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
আকদের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে দীপ্তি চৌধুরী বলেন, “আজ আমাদের আকদ সম্পন্ন হয়েছে। ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করব। তখন সবাইকে আমন্ত্রণ জানাব।”
দীপ্তি চৌধুরী দীর্ঘদিন ধরেই টেলিভিশন উপস্থাপনায় পরিচিত মুখ। এবার ব্যক্তিগত জীবনের নতুন যাত্রায় পা রেখে তিনি শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করেছেন।