নেত্রকোণার মদনে দুই পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের অনুমোদনে দপ্তর সম্পাদক আশরাফুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সৈয়দ মিঠু মিয়াকে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মদন সরকারি কলেজ মোড়ে চট্টগ্রামগামী বাসের যাত্রীদের হয়রানির অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম ঘটনাস্থলে যান। তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন। সেখানে উপস্থিত যাত্রীরা প্রশাসনের কাছে বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ তুলে ধরেন। এ সময় ছাত্রদল নেতা সৈয়দ মিঠু ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশ তাকে কিছুটা দূরে অবস্থান করার অনুরোধ জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হন। আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
ঘটনার পর পুলিশ সৈয়দ মিঠুকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মদন থানা পুলিশ।
জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেছেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী সৈয়দ মিঠু মিয়াকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”