সারা বাংলা

বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) দুপুরে বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা মো. আইনুদ্দীন ও তার ছেলে রাশেদ মিয়া। এসব তথ্য নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) ইখতিয়ার উদ্দিন।

স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির পাশের একটি ডোবার পানি সেচ করতে বৈদ্যুতিক পাম্পে কাজ করছিলেন আইনুদ্দীন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার ডোবায় পড়ে গেলে তিনি বিদ্যুতায়িত হন। বাবাকে উদ্ধার করতে ছেলে রাশেদ মিয়া এগিয়ে এলে তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।