চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে পুশইন চেষ্টা করা ব্যক্তিদের শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির প্রতিরোধের মুখে শুক্রবার (৫ জুন) মধ্যরাতে শূন্যরেখার ভারতীয় ভূখণ্ডে অবস্থান করা ২৮ জন নারী-পুরুষকে সরিয়ে নেয় তারা।
এ বিষয়ে বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিজিবিকে কিছু না জানালেও শনিবার (৬ জুন) ভোরে সীমান্তে আনা ওই নারী-পুরুষদের দেখা যায়নি।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে বাঙ্গাবাড়ী সীমান্ত পিলার ২০৩/৬-আর সংলগ্ন এলাকা দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতের ১২ ব্যাটালিয়নের আশরাফপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিজিবির প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে আসতে পারেনি। এরপর থেকেই তারা ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিল।
তিনি জানান, বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের ১৫০ গজের মধ্যে ওই ব্যক্তিদের কোনো অবস্থান বা চলাচল দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে।
বর্তমানে বিজিবির পক্ষ থেকে সীমান্ত পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।