জাতীয়

বিমানবন্দর ও বনানীতে দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর বিমানবন্দর এলাকা এবং বনানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ও শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে এপিবিএন সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে গাড়ির ধাক্কায় আব্দুল হাই (৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শ্যালক রাসেল বলেন, “আমার দুলাভাই এ এন এক্স নামের একটি  বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। রাতে বাসায় ফেরার পথে এপিবিএন সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায়  অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে প্রথমে কুর্মিটোলা  জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে আমরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুলাভাই মারা যান। আমার দুলাভাইয়ের বাড়ি, ময়মনসিংহ  জেলার গফরগাঁও থানা উত্তর নৌপারা তার পিতা মৃত হালিম উদ্দিন।”

এদিকে, রাজধানীর বনানীর মহাকালী আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভাটিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে এক জন নিহত এবং দুজন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রফিক( ৩৫) ওই বাসের হেলপার ছিলেন।আহতরা হলেন মোহাম্মাদ রনি( ২৫) এবং মোহাম্মাদ ফিরোজ(৪০)। এরা দুজন চিকিৎসাধীন রয়েছেন।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মাদ ফারুক বলেন, বিমানবন্দর ও বনানীতে দুর্ঘটনায় নিহত দুজনের দেহ  ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।