রাজধানীর উত্তরার উত্তরখানে একটি বাসায় রান্নাঘরে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- গৃহকর্তা আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনাহেনা (৪০) এবং তাদের মেয়ে আখি (৩০)। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওনবিন রহমান জানান, “শনিবার সকালের দিকে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিন জন দগ্ধ হন। এদের মধ্যে আলী হোসেন শরীরের ১০০ শতাংশ, হাসনাহেনার শরীরের ৬০ শতাংশ এবং আঁখির শরীরে ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।” তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
আহত দম্পতির ছেলে রাতুল হাসান তুষার বলেন, “আজ সকালে আমার মা রান্নাঘরে কাজ করার সময় সিলিন্ডারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমার মা, বাবা ও বোন দগ্ধ হন। এদের মধ্যে আমার বাবা মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক।”