বিনোদন

শাহরুখের সিনেমাকে ১০-এ ৩ দিলেন ইমতিয়াজ

পরিচালক ইমতিয়াজ আলীর ক্যারিয়ারের অন্যতম বড় আক্ষেপ ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘জ্যাব হ্যারি মেট সেজাল’। শাহরুখ খান ও আনুশকা শর্মা অভিনীত ছবিটি মুক্তির আগে ব্যাপক আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দর্শক ও সমালোচকদের মন জিততে পারেনি। বক্স অফিসেও আশানুরূপ সাফল্য পায়নি। এবার সেই সিনেমাকেই ১০-এর মধ্যে মাত্র ৩ নম্বর দিলেন ইমতিয়াজ আলী।

সম্প্রতি ‘আনফিল্টার্ড বাই সামদিশ’ অনুষ্ঠানে অংশ নিয়ে সিনেমাটি সম্পর্কে নিজের মূল্যায়ন দিতে বলা হলে তিনি সংক্ষেপে বলেন, “৩”।

এত কম নম্বর দেওয়ার কারণ জানতে চাইলে ইমতিয়াজ বলেন, “আমার মনে হয় এটি একটি হারিয়ে যাওয়া সুযোগ ছিল। গল্পটির মধ্যে অনেক সম্ভাবনা ছিল, কিন্তু আমি সেটিকে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারতাম। গল্পের সম্ভাবনা আমার কাছে চূড়ান্ত ছবির চেয়েও বেশি আকর্ষণীয় ছিল।”

তিনি বলেন, “ছবির মূল ভাবনা ছিল এমন একজন মানুষের গল্প, যিনি ছোট শহর বা গ্রাম থেকে বিদেশে গিয়ে জীবনের নানা অভিজ্ঞতায় বদলে যান। তার ভেতরের আবেগ, একাকিত্ব ও সম্পর্কের জটিলতাই ছিল গল্পের মূল বিষয়।” তবে সেই অনুভূতিগুলো তিনি পর্দায় পুরোপুরি ফুটিয়ে তুলতে পারেননি বলেই মনে করেন।

এর আগেও সিনেমাটির ব্যর্থতা নিয়ে কথা বলেছেন ইমতিয়াজ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “সিনেমাটি সফল না হলেও এর প্রতি তার আলাদা মায়া রয়েছে। এমনকি তিনি সিনেমাটিকে নিজের ‘দুর্ভাগা সন্তান’-এর সঙ্গেও তুলনা করেছিলেন।

ইমতিয়াজ জানান, ছবিটি ব্যর্থ হওয়ার পর তিনি মানসিকভাবে বেশ কষ্ট পেয়েছিলেন। চারপাশের মানুষের হতাশাও তিনি অনুভব করছিলেন। সেই সময় আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় এক মাস বিছানায় থাকতে হয়েছিল তাকে।

প্রসঙ্গত, ‘জ্যাব হ্যারি মেট সেজাল’ ছিল শাহরুখ খান ও আনুশকা শর্মাকে নিয়ে ইমতিয়াজ আলীর প্রথম সিনেমা। মুক্তির আগে সিনেমাটি নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত সেটি পূরণ হয়নি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস