সারা বাংলা

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৫০ জন উদ্ধার

সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৬ জুন) দুপুরে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী। শুক্রবার (৫ জুন) রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া সংলগ্ন সাগর এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী জানান, মানবপাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’, টেকনাফ স্টেশন, শাহপরীর দ্বীপ আউটপোস্ট ও বাহারছড়া আউটপোস্টের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন ট্রলারকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ট্রলারটি আটক করা হয়।

তিনি আরো জানান, ট্রলারে তল্লাশি চালিয়ে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং বাকিরা কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাদের টেকনাফে আনা হয়। পরে বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন চালানো হয় এবং স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। পাচারকারীরা তাদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর পরিকল্পনা করেছিল। এছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন এলাকা থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে।

লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী জানান, জব্দ করা ট্রলার, উদ্ধার হওয়া ভুক্তভোগী এবং গ্রেপ্তার মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।