রাজনীতি

‘বনাঞ্চল ধ্বংস করে ইন্ডাস্ট্রি করার উদ্যোগ নেয়া ব্যক্তি পরিবেশ মন্ত্রী’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘‘বনাঞ্চল ধ্বংস করে ইন্ডাস্ট্রি করার উদ্যোগ নেওয়া ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী। তাহলে আগামী পাঁচ বছরে পরিবেশের কি অবস্থা হবে তা এখান থেকেই অনুমান করা যায়।’’

শনিবার (৬ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দলটির ঢাকা মহানগর উত্তরের আয়োজনে বৃক্ষ বিতরণ ও সপ্তাহব্যাপী পরিবেশবিষয়ক কর্মসূচির ঘোষণা করে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় সরকারের পরিবেশবিষয়ক অবস্থানের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘‘সরকারের পলিসিতে পরিবেশ প্রায়োরিটিতে নাই। এই সরকার কাজ না করলে, ৫ বছর পর যারা ক্ষমতায় আসবে এটা তাদের জন্য আরও ক্ষতি হয়ে যাবে।’’ 

রাজনৈতিক দল হিসেবে বড় কিছু করার সুযোগ না থাকলেও পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দেন। আজ ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত সাপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ঢাকার বিশটি স্কুলে দুইশ গাছ বিতরণ ও রোপণ করা হবে। এছাড়াও দখল, দূষণ ও দাহ রোধে আমাদের করণীয় নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে।