প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) নির্বাচিত হয়েছেন নীলফামারীর মোহাম্মদ নায়িরুজ্জামান।
দক্ষতা, গ্রহণযোগ্যতা এবং পরিকল্পিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তিনি ইতোমধ্যে নীলফামারীর মানুষের কাছে জনবান্ধব প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোহাম্মদ নায়িরুজ্জামান জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরো কার্যকর, জবাবদিহিমূলক ও শিক্ষার্থীকেন্দ্রিক করতে বিভিন্ন উদ্যোগ নেন। নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরেপড়া রোধ, শিক্ষার মানোন্নয়ন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমের নিবিড় তদারকির মাধ্যমে তিনি জেলার শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তনের ধারা সৃষ্টি করেছেন।
মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে তার প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।