সারা বাংলা

পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১

পটুয়াখালীর কলাপাড়ায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হারুন গাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আটজন। শনিবার (৬ জুন) রাত সোয়া ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া সেতুর উত্তর প্রান্তে দুর্ঘটনাটি ঘটে।  

মারা যাওয়া হারুন পটুয়াখালী জেলার মহিপুরের নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রাত পৌনে আটটার দিকে ইজিবাইকটি পাখিমারা থেকে ৯ জন যাত্রী নিয়ে কলাপাড়া দিকে রওনা হয়। কলাপাড়া সেতুর উত্তর প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের বাসের (ঢাকা মেট্রো ব-১২-২০৯৪) সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের সবাই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আটজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ১১টার দিকে হারুন গাজীকে রবিশালের নোভা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, “আহতদের উদ্ধার করে বরিশালে পাঠানোর পর একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।”