নড়াইলের লোহাগড়া উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুইজন কৃষক মারা গেছেন।
শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তারা মারা যান।
নিহতরা হলেন- উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে টিটুল খান (৪৫) ও নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাস (৪২)।
এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে টিটুল খান বাড়ি থেকে কিছুটা দূরে মধুমতি নদীর চরে গরু আনতে যান। কিছুক্ষণ পর প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি মারা যান। বৃষ্টি শেষে স্থানীয়রা চরে গিয়ে তাকে মাঠের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের লোকজন গিয়ে টিটুল খানের মরদেহ বাড়িতে নিয়ে যান।
এদিকে, একই সময় ইছামতি বিলে কাজ করছিলেন কৃষক বাবুল বিশ্বাস। বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা সন্ধ্যায় নড়াইল আধুনিক সদর হাসপাতালে তাকে নিয়ে যান। সেখানকার চিকিৎসক অলোক কুমার বাগচী কৃষক বাবুল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর তথ্য জানিয়েছেন।