নোয়াখালীর হাতিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে মেঘনা নদীতে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৫ জুন) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। শনিবার রাতে ভুক্তভোগী নিজেই এ তথ্য জানান।
ভুক্তভোগী আওয়ামী লীগ নেতার নাম অ্যাডভোকেট ছাইফউদ্দিন আহাম্মদ। তিনি হাতিয়া উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ছাইফউদ্দিন আহাম্মদ জেলার বসুরহাট পৌরসভা এলাকায় ছেলের শ্বশুরবাড়িতে দাওয়াত খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে চেয়ারম্যান ঘাটে আসেন। পরে জানতে পারেন, রাতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এরপর হাতিয়ায় ফেরার জন্য একটি ট্রলার ভাড়া করেন। পরিবারের সদস্যদের ট্রলারে তুলে দেওয়ার পর তিনি ট্রলারে উঠতে গেলে পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি তাকে ধাক্কা দেয়। তিনি মেঘনা নদীতে পড়ে যান। পরে কয়েকজন ব্যক্তি তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
অ্যাডভোকেট ছাইফউদ্দিন আহাম্মদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ট্রলারে ওঠার সময় পেছন থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়া হয়। স্থানীয় মানুষের সহায়তায় তিনি প্রাণে বেঁচে গেছেন। ঘটনার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, “ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”