ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্যতম প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এ সময় তার অবদান স্মরণ করার পাশাপাশি কবর সংরক্ষণ ও সংস্কারের দাবি জানান বক্তারা।
রবিবার (৭ জুন) ডাকসুর উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে সংগঠনটির নেতারা নবাব সলিমুল্লাহর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তারা শিক্ষা বিস্তার, মুসলিম সমাজের উন্নয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব সলিমুল্লাহর ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তার দূরদর্শী নেতৃত্ব ও শিক্ষানুরাগ দেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। জাতি তার অবদান চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
এ সময় বক্তারা নবাব সলিমুল্লাহর কবর সংরক্ষণ ও সংস্কারের দাবি জানান। তাদের মতে, দেশের শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার অসামান্য অবদানের যথাযথ স্বীকৃতি দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।
কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির।
এছাড়া, অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শেষে নবাব সলিমুল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তার আদর্শ ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান বক্তারা।