বিনোদন

‘ভালোবাসতে কি ভয় হয়’

‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার মঞ্চে স্বতন্ত্র গায়কি, বৈচিত্র্যময় পরিবেশনা এবং সুরের জাদুতে দর্শক-শ্রোতাদের মন জয় করেছিলেন মেহরাব। ২০০৫ সালের জনপ্রিয় সেই সংগীত প্রতিযোগিতা থেকে সংগীতপ্রেমীদের কাছে তার আলাদা পরিচিতি গড়ে ওঠে। এরপর গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে নিয়মিত কাজ করে সংগীতাঙ্গনে শক্ত অবস্থান গড়েছেন। 

মাঝে কিছুদিনের বিরতি নিয়েছিলেন, বিরতি ভেঙে নতুন উদ্যমে সংগীতে ফিরেছেন মেহরাব। সেই ধারাবাহিকতায় ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন একক গান ‘ভালোবাসতে কি ভয় হয়’। 

গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবন। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন মেহরাব। আর সংগীতায়োজন করেছেন সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক আদিব কবির। 

প্রেম, অভিমান ও সম্পর্কের সূক্ষ্ম অনুভূতির গল্প নিয়ে নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। এটি পরিচালনা করেছেন আলোচিত নির্মাতা চন্দন রায় চৌধুরী। ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন জয়া মির্জা ও তন্ময় সাবি। পাশাপাশি মেহরাবকেও গানের ভিডিওতে দেখা যাবে। 

নতুন গান প্রসঙ্গে মেহরাব বলেন, “ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। কিন্তু কখনো কখনো সেই ভালোবাসাই মনে প্রশ্নের জন্ম দেয়। ‘ভালোবাসতে কি ভয় হয়’ গানটিতে সেই অনুভূতিরই প্রতিফলন ঘটেছে। গানটির কথাগুলো আমার ভীষণ ভালো লেগেছে। চেষ্টা করেছি সুর ও গায়কিতেও সেই আবেগটুকু ফুটিয়ে তুলতে। দীর্ঘদিন পর এমন একটি কাজ নিয়ে শ্রোতাদের সামনে আসছি, তাই স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।” 

ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, আগামী ১১ জুন তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও মুক্তি পাবে। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও গানটি অবমুক্ত করা হবে।

দীর্ঘ বিরতির পর মেহরাবের এই প্রত্যাবর্তন সংগীতপ্রেমীদের জন্য নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে। এখন দেখার অপেক্ষা, ‘ভালোবাসতে কি ভয় হয়’ গানটি শ্রোতাদের হৃদয়ে কতটা জায়গা করে নিতে পারে।