বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল (ক্যাটাগরি ২) । যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের মধ্যে জনপ্রিয়তায় সবচেয়ে বেশি এগিয়ে তিনি। ভোট ব্যালটেও সেই ছাপ পড়ল। এই ক্যাটাগরিতে মোট ভোটারের সংখ্যা ৭৬। ভোট দিয়েছেন ৭৪ জন। তামিম মাত্র ১ ভোট পাননি।
বিসিবির ২৫ পরিচালনা পর্ষদের মধ্যে কেবল ১৫টি পদের জন্য ভোট গ্রহণ হয়েছে রোববার। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ জন। জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচন করছে ২ জন পরিচালক। তারা হলেন, শেখ মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ সরফরাজ আহমেদ।
১০ পরিচালক নির্বাচিত হয়ে যাওয়ায় বাকি ১৫ পদে হয়েছে ভোটগ্রহণ, যেখানে ১২ জনই ক্লাব ক্যাটাগরির। যে ১২ পরিচালক ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মাত্র ১৬ জনের ভেতরে। বাদ পড়েছেন চারজন।
ভোট গণনার পর সন্ধ্যা সাড়ে ছয়টায় ফলাফল ঘোষণা করা হয়।
ক্লাব/ক্যাটাগরি ২ থেকে প্রত্যাশিতভাবেই নির্বাচিত হয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ (৭২), ইসরাফিল খসরু (৭২), শাহনিয়ান তানীম (৬৬), ফাহিম সিনহা (৬৬), রফিকুল ইসলাম বাবু (৫৩), মির্জা ইয়াসির আব্বাস (৬৩), মাসুদুজ্জামান (৭০), সাকিব আহমেদ সালাম (৬৫), প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (৪১), আসিফ রাব্বানী (৬৪), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (৬৪) ।
ভোটে জিততে পারেননি ফায়াজুর রহমান, আমজাদ হোসেন, মেজর ইমরোজ আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন। মেজর ইমরোজ সবচেয়ে কম ২০ ভোট পেয়েছেন। এছাড়া ফায়াজুর ২৩, আমজাদ ৩২ ও বোরহানুল ৪০ ভোট পেয়েছেন।
১ নম্বর ক্যাটেগরিতে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগ থেকে পরিচালক পদ দুটি করে, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগ থেকে একটি করে। ৫ বিভাগে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে যাওয়ায় ভোট হবে শুধু দুটি বিভাগে।
খুলনা বিভাগ থেকে শফিকুল আলম (১০), শান্তনু ইসলাম (১০) এবং বরিশাল বিভাগ থেকে মিজানুর রহমান (৫) নির্বাচিত হয়েছেন। খুলনা বিভাগে হেরেছেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার মোঃ আব্দুছ সালাম (২)। বরিশালে হেরেছেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার মোঃ মুনতাসির আলম চৌধুরী (১)।
এছাড়া চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে গেছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিল, সাবেক জাতীয় অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মঈন উদ্দিন চৌধুরী। ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদের ভোটে দাঁড়ানো লাগেনি। রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীন এবং সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী পরিচালক নির্বাচিত হয়েছেন।
এছাড়া ক্যাটাগরি ৩ থেকে ফাঁকা মাঠে গোল দিয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
এবারের বিসিবি নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের বাকি দুই সদস্য গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং উপ সচিব এ বি এম এহসানুল মামুন।