এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনের (ICAPP) মহাসচিব এবং মঙ্গোলিয়া ও পর্তুগালে কোরিয়া প্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রদূত ওহ সংয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক হয়েছে।
রবিবার (৭ জুন) বিকেলে এনসিপি কার্যালয়ে এ বৈঠকে রাজনৈতিক সংলাপ জোরদার করা, গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
আলোচনার সময় আইসিএপিপি মহাসচিব ওহ সং এশিয়ার রাজনীতি ও শাসনব্যবস্থার ভবিষ্যৎ বিনির্মাণে যুব নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি আইসিএপিপির আসন্ন সাধারণ অধিবেশনে এনসিপির অংশগ্রহণকে স্বাগত জানান, যা এই প্ল্যাটফর্মে দলটির প্রথম উচ্চপর্যায়ের সম্পৃক্ততা হিসেবে বিবেচিত হবে।
উভয় পক্ষ সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে নেতৃত্ব বিনিময় কর্মসূচি ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
আইসিএপিপি একটি অনন্য বহুপাক্ষিক প্ল্যাটফর্ম, যা এশিয়া ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে কাজ করে। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আইসিএপিপি গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করা, শান্তি প্রতিষ্ঠা এবং বিশ্বব্যাপী রাজনৈতিক নেতা ও সংগঠনগুলোর মধ্যে গঠনমূলক সম্পৃক্ততা উৎসাহিত করার লক্ষ্য নিয়ে কাজ করে।
বৈঠক শেষে উভয় পক্ষ আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়া, সুশাসন প্রতিষ্ঠা এবং উদীয়মান রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আরো শক্তিশালী যোগাযোগ ও অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বৈঠক এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠকে উপস্থিত ছিলেন দলটির আন্তর্জাতিকবিষয়ক ইনচার্জ ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন এবং ফারিদুল হক।