খেলাধুলা

পরিচালকদের ভোটে তামিম বিসিবির মসনদে

প্রথমে কাউন্সিলররা তামিম ইকবালের উপর আস্থা রাখলেন। ৭৪ ভোটের মধ্যে ৭৩ ভোট পেয়ে তামিম নির্বাচিত পরিচালক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যুক্ত হলেন। এরপর নির্বাচিত পরিচালকরা তামিমের উপর দায়িত্ব দিলেন দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার।

দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন তামিম। নতুন বোর্ডের প্রথম বোর্ড সভায় তামিমকে সভাপতি হিসেবে বেছে নিয়েছেন নির্বাচিত পরিচালকরা।

এছাড়া দুজন সহ সভাপতি নির্বাচনের কথা থাকলেও নতুন বোর্ড একজনকে বেছে নিয়েছে। ফাহিম সিনহা সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।

গত দুই বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পেয়েছে তিনজন সভাপতি। শেষ আট মাসে দুইজন। আজ রোববার নির্বাচনের মাধ্যমে আবারও মসনদে বসলেন তামিম।

এবারের বিসিবি নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের বাকি দুই সদস্য গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং উপ সচিব এ বি এম এহসানুল মামুন।