সারা বাংলা

৬ দাবিতে দ্বিতীয় দিনের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করাসহ ছয় দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। 

সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

দ্বিতীয় দিনের মতো সারাদেশে কর্মবিরতি কর্মসূচি চলমান রয়েছে উল্লেখ করে ইন্টার্ন চিকিৎসক ফয়সাল মাহমুদ বলেন, ‍“আমাদের সিদ্ধান্ত না মানা হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সব সেবা বন্ধ করে দেওয়া হবে। আন্দোলন আরো জটিল হওয়ার আগেই সরকারকে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।” 

ইন্টার্ন চিকিৎসক আসিফ খান বলেন, “দাবি মেনে না নিলে সাধারণ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হবে, তাই আন্দোলন কঠিন রূপ নেওয়ার পূর্বেই সরকারের দাবি পূরণ করা উচিত।” 

ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নসংক্রান্ত প্রস্তাবনা বাতিল, বিএমইউ ও বিসিপিএস ভর্তি পরীক্ষার ফি কমানো, ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন অনুযায়ী বেতন কাঠামো নিশ্চিত করা।