ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি লোকাল বাস খাদে উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (৮ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান এ তথ্য জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশের ওসি আবু তাহের দেওয়ান জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে আসা বাস একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে থাকা যাত্রীদের মধ্যে চারজন নিহত হন। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রা এবং পরে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসে অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর বাস ও পিকআপ ভ্যানের চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।