বিনোদন

আমি কারিশমার প্রথম কন্যা: কারিনা

বলিউডের ঐতিহ্যবাহী কাপুর পরিবারের দুই কন্যা—কারিশমা কাপুর ও কারিনা কাপুর। নিজ নিজ গুণে ফিল্ম ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান গড়েছেন তারা। ব্যক্তি জীবনে দুই বোনের আত্মিক বন্ধনও সুদৃঢ়। কারিনা নিজেকে কারিশমার বড় কন্যা মনে করেন। নয়নদীপ রক্ষীতকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন কারিনা।

কারিনা কাপুর বলেন, “কারিশমা সম্পর্কে যতই বলি না কেন, তা কম হবে। এটি হয়তো খুব সাধারণ একটি কথা। কিন্তু লোলোকে (কারিশমা কাপুরের ডাকনাম) নিয়ে আমার কিছু বলা অনেক কঠিন। কারণ তিনি শুধু একজন অসাধারণ মানুষই নন, নিবেদিত একজন মা, অত্যন্ত পরিশ্রমী একজন অভিনেত্রীও।”

খানিকটা ব্যাখ্যা করে কারিনা কাপুর খান বলেন, “আমি মনে করি, দেশের প্রতিটি অভিনেত্রী লোলোর দিকে তাকিয়ে অনুপ্রেরণা খুঁজেন। তারা তার মতো হতে চান, তার মতো পোশাক পরতে চান, তার মতো দেখতে হতে চান, তার মতো নাচতে চান। আমার মনে হয়, প্রতিটি অভিনেত্রী সেই ভালোবাসা ও জনপ্রিয়তা চান, যা নব্বই দশকে প্রকৃত গণমানুষের সুপারস্টার নায়িকা হিসেবে লোলো অর্জন করেছিল।”

কারিশমা কাপুর দেশের সবার কাছে ‘আদরের মানুষ’ ছিলেন। তাকে ছাড়া তাদের পুরো পরিবারই যেন পথ হারিয়ে ফেলবেন। জীবনের প্রতিটি ধাপে কারিনাকে আগলে রেখেছেন কারিশমা, বড় বোন হিসেবে সবসময় তার সমর্থন পেয়েছেন বলেও জানান এই অভিনেত্রী। 

নিজেকে কারিশমার বড় মেয়ে মনে করেন কারিনা কাপুর। এ বিষয়ে তিনি বলেন, “তাকে বোন হিসেবে পাওয়া সত্যিই অসাধারণ ব্যাপার। আমার মনে হয়, সামাইরার (কারিশমার কন্যা) আগেই আমি যেন তার প্রথম মেয়ে, যেমনটা সে নিজেই বলে। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ লোলো।”

কারিনা কাপুরের আবেগঘন এই বার্তার প্রতিক্রিয়ায় কারিশমা কাপুর বলেন, “এসব বিষয় নিয়ে খুব বেশি ভাবি না। স্বাভাবিকভাবে যা করতে ইচ্ছে করে, তাই করি। প্রিয়জনদের যত্ন নেওয়ার টানটা সবসময়ই হৃদয় থেকে আসে। আমার জীবনের প্রতিটি পর্যায়ে পরিবারই ছিল সবচেয়ে বড় অগ্রাধিকার।”

অভিনেতা রণধীর কাপুরের দুই কন্যা কারিশমা কাপুর ও কারিনা কাপুর। নব্বই দশকে বড় মেয়ে কারিশমা কাপুর রুপালি পর্দা কাঁপিয়েছেন। এরপর রুপালি পর্দায় নিজেকে মেলে ধরেন ছোট কন্যা কারিনা কাপুর।