ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং একই গ্রামের মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)। নিহতদের মধ্যে সানাউল্লাহ এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মতি সরকারের স্ত্রী মারা গেলে তাকে দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কয়েকজন অংশ নেয়। একপর্যায়ে কবরস্থানে কবর ঢাকতে স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিল্ড সরানো হচ্ছিল। এ সময় শিল্ডটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর খবর পেয়েছেন। এ দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।