সারা বাংলা

ধামরাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (৭ জুন) বিকেলে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। রবিবার রাতে ওই শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

গ্রেপ্তার রুবেল ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার শাজাহান খলিফার ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বড় কুশিয়ারায় একটি অটো গ্যারেজের পাশে খেলা করছিল শিশুটি। এই সময় রুবেল শিশুটিকে চানাচুর খাওয়ানোর কথা বলে গ্যারেজের ভিতরে টয়লেটের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় প্রতিবেশী এক নারী তা দেখে শিশুটির পরিবার ও এলাকার লোকজনকে জানান। এর পর শিশুটির পরিবার ও আশেপাশের লোকজন গ্যারেজের ভিতরে টয়লেটের সামনে গিয়ে দরজা খুলতে বলে। কিন্তু, রুবেল দরজা না খুলে শিশুটির মুখ চেপে ধরে বসে থাকে। একপর্যায় টয়লেটের দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে রুবেল দরজা খুলে দেয়। পরে সবাই মিলে রুবেলকে আটক করে জাতীয় জরুরি সেবার নম্বরে (৯৯৯) কল করে পুলিশকে জানায়। সংবাদ পেয়ে ধামরাই থানার পুলিশ সেখানে গিয়ে ধর্ষণের রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন বলেছেন, “কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারায় একটি অটো গ্যারেজে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এলাকার লোকজন রুবেলকে আটকে রেখে পুলিশকে জানায়। সংবাদ পেয়ে দ্রুত সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টাকারী রুবেলকে আটক করে থানায় নিয়ে আসি। রাতেই শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আজ সকালে রুবেলকে আদালতে পাঠানো হয়েছে।”