প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের দূত্যি ছড়িয়ে নির্বাচকদের মন জয় করে মোসাদ্দেক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য জায়গা করে নিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল প্রথম ওয়ানডেতে মাঠে ফিরবেন এই ব্যাটিং স্পিন অলরাউন্ডার।
অধিনায়ক হিসেবে মিরাজও স্পিন অলরাউন্ডার। দুজনের ভূমিকা প্রায় একই রকম। অনেকেই দুজনকে প্রতিদ্বন্দ্বী মনে করে। তবে মিরাজের ভাবনায় তেমন কিছু নেই। বরং মোসাদ্দেক ফেরায় মিরাজ বেশ উচ্ছ্বসিত।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মিরাজ বলেছেন, ‘‘সে যদি পারফর্ম করতে পারে, এটা আমার জন্য এবং দলের জন্য অনেক বিরাট সহায়তা হবে। দিন শেষে আমরা সবাই চিন্তা করি যে, দলটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় এবং আমি অনেক আত্মবিশ্বাসী তাকে নিয়ে, যেভাবে সে ঘরোয়াতে ভালো পারফর্ম করেছে। যদি সুযোগ আসে, ভালো করবে।’’
আবাহনীর হয়ে মোসাদ্দেক শেষ তিন মৌসুমে নিজেকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ব্যাট হাতে ১২৭৮ রান করার পাশাপাশি শিকার করেন ৫৮ উইকেট। এই অভিজ্ঞতা, পারফরম্যান্স কাজে আসবে বলেই বিশ্বাস করেন মিরাজ, ‘‘সে ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো বোলিং করেছে এবং সে পরীক্ষিত। আমার কাছে মনে হয়, সে ভালো জায়গায় বল করলে ভালো হবে এবং অধিনায়ক হিসেবে আবারও অনেক বিশ্বাস থাকবে, যদি সে ভালো করে।’’
বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মোসাদ্দেককে দলে ডাকেননি মিরাজ থাকায়। একবার বলেছিলেন, ‘‘মিরাজ দলে থাকায় মোসাদ্দেকের সুযোগ নেই।’’ মিরাজ সেই ভাবনা উড়িয়ে দিয়ে বলেছেন, ‘‘আমি আর মোসাদ্দেক কিন্তু একসঙ্গে বাংলাদেশ দলে অনেকদিন খেলেছি। ২০১৯ বিশ্বকাপেও আমরা খেলেছি একসঙ্গে। আমার কাছে মনে হয়, এটা কোনো ভিন্ন ইস্যু নয়। মোসাদ্দেক তার ভূমিকা পালন করবে, আমি আমার কাজ করব। মোসাদ্দেক হলো ব্যাটিং অলরাউন্ডার, আমি হলো বোলিং অলরাউন্ডার। দুজনের ভূমিকাটা আলাদা।’’