খেলাধুলা

বিসিবির পরিচালক হয়ে পদত্যাগ করলেন শাকরুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত পদত্যাগ করেছেন। রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হয়েছিলেন তিনি।

সোমবার (৮ জুন) দুপুরে নিজের পদত্যাগপত্র বিসিবিকে পাঠিয়েছেন শাকরুল আলম।

ক্যাটাগরি-১ বা জেলা-বিভাগের প্রতিনিধি হিসেবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পরপরই সমালোচনা হচ্ছিল। বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের ছেলে মীর শাকরুল আলম সীমান্ত। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গঠনতন্ত্র অনুযায়ী নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা করতে হয়। সেই প্রক্রিয়া অনুসরণ করে শাকরুল আমল দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চিঠি দিয়েছেন।

পদত্যাগের কারণ প্রসঙ্গে চিঠিতে শাকরুল আলম লেখেন, “বর্তমানে আমার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় পারিবারিক সকল ব্যবসা আমার ওপর ন্যাস্ত থাকায় এরকম একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে যথাযথ ভূমিকা রাখা সম্ভব হবে না বিধায় ব্যবসায়িক ব্যস্ততার কারণে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।”

বিসিবির পরিচালনা পর্ষদ ২৫ জনের। একজন পরিচালক সরে যাওয়াও সেই ক্যাটাগরিতে নতুন করে উপনির্বাচন হবে।