গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ৪৯ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ২৬ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩৬ শিশু।
মঙ্গলবার (৯ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, “মারা যাওয়া মেয়ে শিশুটির বয়স ৬ বছর। বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলায়। তাকে গত ৬ জুন হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হামের পাশাপাশি করনিয়াল আলসারে আক্রান্ত ছিল।”
এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ১০১ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ১৯৮৬ শিশু চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৩৬ শিশু।