আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ জুন) সকালে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই চুক্তির ফলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালি অবিলম্বে পুনরায় খুলে দেওয়া হবে। খবর সিএনএনের।
এদিন নিউ নিয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এনবিএ বাস্কেটবলের ফাইনাল ম্যাচ দেখতে যান ট্রাম্প। সেখান থেকে ফেরার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মার্কিন প্রেসিডেন্ট জানান, নড়েবড়ে যুদ্ধবিরতির মধ্যে সোমবার (৮ জুন) ইরান ও ইসরায়েল আবারো পূর্ণ মাত্রার সংঘাতে জড়িয়ে পড়েছিল। কিন্তু তারা আবার একে-অপরের ওপর হামলা বন্ধে রাজি হয়েছে।
ওয়াশিংটন ছাড়ার উদ্দেশ্যে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্প বলেন, “তারা একে-অপরের ওপর পাল্টা হামলা করছিল। কিন্তু আমার মধ্যস্থতায় উভয়ই এই সংঘাত বন্ধ করতে সম্মত হয়েছে।”
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, “আমরা একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে আছি। যেটি হবে ভালো খুবই ভালো চুক্তি। এরমাধ্যমে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।”
তিনি যোগ করেন, “চুক্তি স্বাক্ষরের পরপরই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। এটি চুক্তি স্বাক্ষর হওয়ার সাথে সাথেই খুলে যাবে, যা আগামী দুই বা তিন দিনের মধ্যেই হতে পারে।”
ট্রাম্প জানান, তার মনে হয় না চুক্তির ক্ষেত্রে আর কোনো বড় জটিলতা বা বাধা রয়েছে এবং সব পক্ষই একটি চুক্তিতে পৌঁছানোর ‘খুব কাছাকাছি’ আছে। তবে ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণেই তেহরান চুক্তিতে আসতে বাধ্য হচ্ছে।