যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথমবারের মতো দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। সোমবার রাতে সান আন্তোনিও স্পার্স এবং নিউ ইয়র্ক নিকসের মধ্যে এনবিএ ফাইনালের তৃতীয় খেলার আগে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ভিডিও স্ক্রিনে ট্রাম্পকে দেখানো হলে তাকে জোরেশোরে দুয়োধ্বনি দেওয়া হয়। মঙ্গলবার (৯ জুন) দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
খেলার আগে যখন ‘স্টার-স্প্যাঙ্গলড ব্যানার’ গাওয়া হচ্ছিল, তখন জম্বোট্রনে ট্রাম্পকে দেখানো হলে পুরো এরিনাজুড়ে বিদ্রূপ ও দুয়োধ্বনি শুরু হয়ে যায়। প্রেসিডেন্টকে আট সেকেন্ডের কিছু বেশি সময়ের জন্য দেখানো হয় এবং তিনি মুখে হাসি নিয়ে পুরো সময়টা স্যালুট দিয়ে ছিলেন। কয়েক সেকেন্ড পরে, ভিডিও বোর্ডে সারিবদ্ধভাবে দাঁড়ানো নিকস খেলোয়াড়দের দেখানো হলে দুয়োধ্বনি উল্লাসে পরিণত হয়।
মার্কিন প্রেসিডেন্ট নিকসের একজন দীর্ঘদিনের ভক্ত। তিনি দলের মালিক জেমস ডোলানের অতিথি হিসেবে খেলাটিতে উপস্থিত ছিলেন। ১৯৯৯ সালের পর নিউ ইয়র্ক প্রথমবারের মতো এনবিএ ফাইনালের আয়োজন করে। কড়া নিরাপত্তার মধ্যে ট্রাম্প এরিনায় প্রবেশ করেন। তিনি সেন্টার কোর্টের উপরের মালিকের বক্স থেকে খেলাটি দেখেন, আর সিক্রেট সার্ভিসের কর্মীরা দুই পাশের সংলগ্ন স্যুটগুলো দখল করে নেয়। বক্সে আরও ছিলেন ডোলান, স্বরাষ্ট্রমন্ত্রী ডাগ বারগাম, পরিবহনমন্ত্রী শন ডাফি এবং ট্রাম্পের নাতনি কাই। সোমবারের খেলায় নিক্স ১১৫-১১১ ব্যবধানে হেরে যায়। পরে ট্রাম্পকে ঘুমিয়ে পড়তে দেখা যায়।
এই প্রতিকূল অভ্যর্থনা খুব একটা আশ্চর্যজনক নয়। এনবিএ ভক্তরা উদারপন্থী এবং নিক্স এমন একটি শহরে খেলে যা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে দৃঢ়ভাবে সমর্থন করেছিল।