বিনোদন

আমি বেঁচে আছি এবং ভালো আছি, মৃত্যুর গুজব নিয়ে তানিয়া বৃষ্টি

বেশ কিছু দিন ধরে গুরুতর অসুস্থ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় তার মুত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা। এ পরিস্থিতিতে গুজব উড়িয়ে তানিয়া বৃষ্টি জানালেন, তিনি বেঁচে আছেন এবং ভালো আছেন।   

তানিয়া বৃষ্টি একটি গণমাধ্যমে বলেন, “আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন বাসাতেই রয়েছি। পুরোপুরি বিশ্রামে আছি।” 

তানিয়া বৃষ্টি নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। নির্ধারিত সময় পরপর চেকআপ করাচ্ছেন। এসব তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “আমার অ্যাপয়েন্টমেন্ট ডাক্তার আছেন, সেখানে নিয়মিত চেকআপ করাতে হয়। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছি।” 

আগামী ২০ জুন তানিয়া বৃষ্টির কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার কথা রয়েছে। বর্তমানে সেই প্রস্তুতিই নিচ্ছেন। তানিয়া বৃষ্টি বলেন, “দুটি সার্জারি হয়েছে। তৃতীয় সার্জারিটা করাতে আরো কিছুটা সময় লাগবে। মাথায় নতুন করে যেন কোনো জটিলতা তৈরি না হয়, সে জন্য বাসাতেই বেশি থাকি। খুব একটা বের হই না।” 

গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। এরপর দীর্ঘ সময় বাসায় থেকেই চিকিৎসা নেন। গত ৯ মার্চ উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যান। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন এই অভিনেত্রী। তারপর থেকে বাসায় বিশ্রামে রয়েছেন এই অভিনেত্রী। 

মুন্সিগঞ্জের মেয়ে তানিয়া বৃষ্টি ২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর নাম লেখান টিভি নাটকে। তবে বিজ্ঞাপনে মডেল হয়ে নজর কাড়েন। পরবর্তীতে অভিনয়েও নিজেকে প্রমাণ করেন।    

২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তানিয়া বৃষ্টি। এরপর বেশ কটি সিনেমায় কাজ করেন। তবে বড় পর্দার চেয়ে টিভি নাটকে অভিনয় করে অধিক খ্যাতি কুড়ান এই অভিনেত্রী।    

২০১৯ সালে মুক্তি পায় তানিয়া বৃষ্টি অভিনীত ‘গোয়েন্দাগিরি’ সিনেমা। এটি তার অভিনীত সর্বশেষ সিনেমা। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় তার কাজের কথাও ছিল। আর এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি।