রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় চার শিক্ষার্থীকে আটক করেছে প্রশাসন। ঘটনার পর তাদের আবাসিকতা বাতিল করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (৮ জুন) রাত আনুমানিক ১০টার দিকে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
অভিযানে অংশ নেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক মো. আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক।
ঘটনার বিষয়ে সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী বলেন, “বিশ্ববিদ্যালয়ে মাদকসহ যেকোনো ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। মাদক সেবনের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিষয়ে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর।”
সেলিম হলের এ ঘটনায় অভিযুক্ত চার শিক্ষার্থীর আবাসিকতা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক মো. আবদুল্লাহ আল মাহমুদ। তিনি জানান, অভিযুক্ত শিক্ষার্থীরা চাইলে উপাচার্যের কাছে আপিল করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে ক্যাম্পাসে মাদকমুক্ত ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।